সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে তীব্র এলপিজি গ্যাস সংকট : নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যেও মিলছে না সিলিন্ডার

কেরানীগঞ্জে তীব্র এলপিজি গ্যাস সংকট : নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যেও মিলছে না সিলিন্ডার

মোঃ মাহাবুবুর রহমান : রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জে দেখা দিয়েছে চরম এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার অজুহাতে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। সরকারের নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে বিভিন্ন দোকানে ২২০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার। কিন্তু অতিরিক্ত দাম দিয়েও অনেক জায়গায় মিলছে না কাঙ্ক্ষিত এই জ্বালানি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পরিবার ও পথচলতি ক্ষুদ্র ব্যবসায়ীরা।

স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরেই কেরানীগঞ্জের কদমতলী, জিঞ্জিরা, শুভাঢ্যা, রোহিতপুরসহ বিভিন্ন এলাকার খুচরা দোকানে গ্যাস সিলিন্ডার উধাও হয়ে গেছে। যেসব দোকানে দু-একটি সিলিন্ডার পাওয়া যাচ্ছে, তারা গ্রাহকদের জিম্মি করে চড়া দাম হাঁকছে। বাধ্য হয়ে অনেকেই দ্বিগুণ দামে সিলিন্ডার কিনছেন, আবার অনেকেই চড়া দাম দিয়েও খালি হাতে ফিরে যাচ্ছেন।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, অসাধু সিন্ডিকেটের কারসাজিতে বাজারে এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সরকারি তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে বাড়তি মুনাফা লুটছে। গ্যাসের অভাবে অনেক বাড়িতে রান্না বান্দা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, বিকল্প হিসেবে অনেকে মাটির চুলা বা কাঠের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

এই অবস্থায় কেরানীগঞ্জের সচেতন মহল ও সাধারণ এলাকাবাসী অবিলম্বে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বাজারে দ্রুত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে সিন্ডিকেট ভাঙা এবং নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন তারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা