মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাকুন্দিয়া জমিতে সার ও কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

এলাকাবাসী ও পরিবারের মাঝে শোকের ছায়া :

পাকুন্দিয়া জমিতে সার ও কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিজের জমিতে সার ও কীটনাশক ছিটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. কালাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. কালাম ওই গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নিজের জমিতে কৃষিকাজ করতে যান মো. কালাম। এ সময় তিনি জমিতে সার ও কীটনাশক ছিটানোর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তার কাছে ছুটে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মো. কালাম কৃষিকাজের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। নিজের জমিতে নিয়মিত বিভিন্ন ধরনের কৃষিকাজ করতেন তিনি। মঙ্গলবার সকালে জমিতে কাজ করতে গিয়ে আকস্মিকভাবে তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জমিতে সার ও কীটনাশক ছিটানোর সময় অসুস্থ হয়ে কৃষক মো. কালাম মারা গেছেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা