শুক্রবার | অক্টোবর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নদী বাঁচানোর প্রত্যয়ে শালিখার ফটকিতে পরিচ্ছন্নতা অভিযান, সাঁতার প্রতিযোগিতা

নদী বাঁচানোর প্রত্যয়ে শালিখার ফটকিতে পরিচ্ছন্নতা অভিযান, সাঁতার প্রতিযোগিতা

শালিখা (মাগুরা) থেকে ইয়াছিন মোল্যা : বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে মাগুরার শালিখায় ফটকি নদী ও আশপাশের জলাশয় পরিচ্ছন্নতা কার্যক্রম, সাঁতার প্রতিযোগিতা এবং নারীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার কৃষ্ণরামপুর এলাকায় ফটকি নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) উদ্যোগে এবং সুইডিশ দূতাবাসের অর্থায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে মাগুরা সদর ও শালিখা উপজেলা মৎস্য দপ্তর।

এবারের বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য ছিল—”বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই” প্রতিপাদ্যকে সামনে রেখে নদী-খাল রক্ষা, জলাশয় পরিচ্ছন্ন রাখা এবং জলজ পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি, প্রকল্পের সাইট কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির শুরুতে ফটকি নদী ও আশপাশের জলাশয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন প্রান্ত বিশ্বাস। এছাড়া স্থানীয় নারীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নদী, পানি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা তৈরি উদ্যোগ নেয়া হয়।

আয়োজকরা বলেন, নদী শুধু পানি প্রবাহের মাধ্যম নয়, নদীকে ঘিরে মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য গড়ে উঠেছে। তাই নদী জলাশয় দূষণমুক্ত রাখা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা