সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ব্যবসায়ী রাজের বিরুদ্ধে যৌতুকের মামলা : ন্যায়বিচারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

ব্যবসায়ী রাজের বিরুদ্ধে যৌতুকের মামলা : ন্যায়বিচারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : রাজধানীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে শারীরিক নির্যাতন ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ মোসাম্মাৎ তাহরিন (১৮) ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তার দাবিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর: ৩১০/২০২৬ (কামরাঙ্গীরচর), যা ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বিচারাধীন রয়েছে।
​
এ বিষয়ে সুবিচার ও নিজেদের নিরাপত্তার আকুল আবেদন জানিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ভুক্তভোগী তাহরিন ও তাঁর পরিবার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের মাত্র সাত দিন পর থেকেই তাহরিনের ওপর যৌতুকের দাবিতে অমানুষিক মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তাঁর স্বামী মোঃ রাজ (৩১)। অভিযুক্ত রাজ রাজধানীর এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত ‘রাজ ফ্যাশন’ নামের একটি পোশাক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
​
মামলায় প্রধান আসামি করা হয়েছে স্বামী মোঃ রাজকে। এ ছাড়া নির্যাতনের সহযোগিতার অভিযোগে তাঁর মা রহিমা বেগম (৫০) ও আত্মীয় আব্দুর রহমানকে (৪০) আসামি করা হয়েছে।
​
সংবাদ সম্মেলনে তাহরিন অভিযোগ করে বলেন, যৌতুকের দাবি পূরণ না করায় তাঁর ওপর লাগাতার নির্যাতন চালানো হয়। পরবর্তীতে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হলেও বর্তমানে আসামিরা তাঁকে ও তাঁর পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। ফলে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

​অবিলম্বে মামলার আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বজনেরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা