কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের তাড়াইলে আদালতের নির্দেশে দাফনের নয় মাস পর ঢাকার যাত্রাবাড়ীতে একটি মাদ্রাসার আবাসিক হোস্টেলে মারা যাওয়া এক ছাত্রের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে ৮ বছরের মুদ্দাছিরের লাশ তোলা করা হয়।
এ সময় তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী এবং মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার (দক্ষিণ) এসআই নাজিম উদ্দিন উপস্থিতি ছিলেন।
এসআই নাজিম উদ্দিন বলেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর যাত্রাবাড়ী এলাকার মাদ্রাসাতুল ইতকান উলুমিয়া কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুদ্দাছিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মাদ্রাসা ভবনের চতুর্থ তলায় শিক্ষকদের টয়লেটের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।
তিনি বলেন, ঘটনার পরদিন ২১ ডিসেম্বর মুদ্দাছিরের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আনিছুর রহমানসহ তিন শিক্ষককে আসামি করে হত্যা মামলা করেন। ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।
মামলার তদন্ত চলাকালে ময়না তদন্তের প্রতিবেদন পক্ষপাতিত্ব করা হয়েছে দাবি করে আবারও ময়নাতদন্ত করার জন্য আদালতে আবেদন করেন বাদী।
আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ অগাস্ট ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান পুনরায় ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দেন বলে জানান সহকারী কমিশনার জিসান আলী।
তিনি বলেন, আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য শিশুটির মৃতদেহ উত্তোলন করে নমুনা পাঠানো হচ্ছে।
