নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্দ্যেগে গতকাল সোমবার বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও গুনী শিক্ষক সংবর্ধনা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন। সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসনের সামনের সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয় । পরে সকলে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা হলেন জাতির মেরুদন্ড, মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের অনেক সমস্যা রয়েছে। বর্তমান সরকার শিক্ষকদের সমস্যা সমাধানে কাজ করছে। ভবিষ্যতে শিক্ষক নিয়োগ হবে শতভাগ নিরপেক্ষ। শিক্ষক নিয়োগে কোন দলীয়করণ থাকবেনা এবং শিক্ষাঙ্গণে শিক্ষকরা কোন রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হবেন না। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে দলীয় করণ করে ফেলেছিলো। যার ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছিলো। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে।
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. মো: বুলবুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহা: শাহনুর জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার। আরো বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়, গুণী শিক্ষক নূর জাহান বেগম, পোড়াদিয়া কারিগরি মহা বিদ্যালয়ের সাবেক প্রভাষক মোমেনুল হক ভূইয়া, বিয়াম জিলা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলিফ শারমিন প্রমুখ। সভায় আলোচনা শেষে গুণী শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
