বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা চকবাজারে ছিনতাইকালে হাতেনাতে ধৃত বিপ্লব, বেরিয়ে আসতে পারে আন্তঃজেলা চোর চক্রের তথ্য

চকবাজারে ছিনতাইকালে হাতেনাতে ধৃত বিপ্লব, বেরিয়ে আসতে পারে আন্তঃজেলা চোর চক্রের তথ্য

মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : রাজধানীর চকবাজারে এক ব্যক্তির ব্যাগ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় জনগণের হাতে আটক হওয়া বিপ্লব (৩২)-কে ঘিরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় সক্রিয় একটি চোর চক্রের সাথে বিপ্লব প্রত্যক্ষভাবে জড়িত থাকতে পারে।

উল্লেখ্য, এর কিছুদিন আগে একই এলাকায় এক সাংবাদিকের পায়জামার পকেট থেকে নগদ ৫২ হাজার টাকা এবং জরুরি কাগজপত্রসহ একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। ওই ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার পুলিশি তদন্ত এখনও চলমান রয়েছে।
আজ চকবাজারে অন্য এক পথচারীর ব্যাগ থেকে ২০০ টাকা মূল্যমানের দুই বান্ডিল (মোট ৪০,০০০ টাকা) নেওয়ার সময় হাতেনাতে আটক হয় বিপ্লব। আটকের পর সে জানায় তার বাড়ি শরীয়তপুর এবং বর্তমানে সে কেরানীগঞ্জের জিনজিরায় বসবাস করছে। খবর পেয়ে চকবাজার থানার ওসির নির্দেশে ফাঁড়ির এএসআই রাশেদ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন এবং উদ্ধারকৃত টাকা জব্দ করেন।

এলাকাবাসীর দাবি, গ্রেফতারকৃত এই চোরের কাছ থেকে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চোর ও ছিনতাইকারী চক্রের মূল হোতাদের সন্ধান মিলবে এবং সাংবাদিকের খোয়া যাওয়া মোবাইল ও নথিপত্রসহ অন্যান্য চুরির ঘটনার রহস্য উন্মোচিত হবে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বিস্তারিত পরবর্তী সংবাদের জন্য দৈনিক জনতা পত্রিকায় চোখ রাখুন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা