মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী পোশাকপল্লী কালিগঞ্জের মসজিদ মার্কেটের পেছনে অবস্থিত আবুল হোসেন মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের একাধিক দোকান ও গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মার্কেট থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও বহুতল ভবনে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। ঘনবসতিপূর্ণ এলাকা ও সরু গলি হওয়ায় প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের ভারী যানবাহন ঢুকতে বেগ পেতে হলেও এক্সকাভেটর (ভেকু) ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে উঁচু ভবনের জানালা ও ক্ষতিগ্রস্ত অংশে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হয়।
ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ এবং ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি না, তা যাচাই করা হচ্ছে।
