সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে লাখিরচর আবাসন প্রকল্প ঘেঁষে অনিয়ন্ত্রিত নৌযান চলাচল

হুমকির মুখে ভিটেমাটি, ধসে পড়ছে বাড়িঘর :

কেরানীগঞ্জে লাখিরচর আবাসন প্রকল্প ঘেঁষে অনিয়ন্ত্রিত নৌযান চলাচল

মোঃ মাহবুবুর রহমান প্রতিনিধি ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর আবাসন প্রকল্প ঘেঁষে চরম অনিয়ম ও অনিয়ন্ত্রিতভাবে ভারী বাল্কহেড ও মালবাহী জাহাজ চলাচলের কারণে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। নদীর একবারে পাড় ঘেঁষে এসব নৌযান চলায় সৃষ্ট তীব্র ঢেউয়ে ইতোমধ্যে আবাসন প্রকল্পের একাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং বেশ কিছু ঘরবাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় অধিবাসীরা জানান, নদীর তীর ঘেঁষে জাহাজ ও বাল্কহেড চলাচলে বারবার নিষেধ করা সত্ত্বেও চালকেরা তা তোয়াক্কা করছেন না। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় কড়াকড়ি আরোপের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। রাত-দিন অনবরত পাড় ঘেঁষে দ্রুতগতিতে নৌযান চলাচলের ফলে নদীর তীরবর্তী মাটি ধসে পড়ছে, যার প্রভাবে আবাসন প্রকল্পের ঘরবাড়িগুলোর ভিত্তি দুর্বল হয়ে ধসে যাচ্ছে।

আবাসন প্রকল্পে বসবাসকারী ভুক্তভোগী পরিবারগুলো চরম আতঙ্ক ও অনিরাপত্তায় দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়ছেন, আর যারা এখনও অবস্থান করছেন তারাও প্রতিমুহূর্তে ভিটেমাটি হারানোর আশঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে আবাসন প্রকল্পের বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসন, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ (BIWTA)-এর প্রতি আশু হস্তক্ষেপের জোর দাবি জানিয়েছেন। অবিলম্বে নদীর পাড় ঘেঁষে নৌযান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে পুরো আবাসন প্রকল্পটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা