রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম টেকনাফ নাফ নদীতে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ নাফ নদীতে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরের দিকে নাফ নদীতে একটি নৌকার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি দেখতে পান তাঁরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে টেকনাফ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে গুলির চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় আগের রাতে গোলাগুলির ঘটনা ঘটেছিল। সেখান থেকে মরদেহটি ভেসে বাংলাদেশের জলসীমায় আসতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা