রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ খেলা উলিপুরে অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

উলিপুরে অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) থেকে ইউনুস আলীঃ উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ গোলে বকুলতলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় বেপারীপাড়া স্পোর্টিং ক্লাব ও বকুলতলা স্পোর্টিং ক্লাব।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত ৯০ মিনিটে উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।
টাইব্রেকারে বকুলতলা স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জমজমাট ফাইনাল ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। ম্যাচকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (রংপুর বিভাগ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা কৃষকদল, কুড়িগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ও জেলা ছাত্রদল, কুড়িগ্রামের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির কাজল।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ী (পূর্ব ছড়ার পাড়)-এর বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ফারুক। টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আনিছুর রহমান।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা