বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুলাউড়া পৌর বিএনপির

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুলাউড়া পৌর বিএনপির

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।

পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়সার আরিফের নেতৃত্বে নেতৃবৃন্দ পৌর শহরের কালীবাড়ি, চৈতালি, তালতলা, আখড়া, শিবির শিশু-কিশোর সংঘ, হরিজন ও রেলওয়ে কালীবাড়ি পূজামণ্ডপে যান।

এ সময় কায়সার আরিফ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা জরুরি। যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পূজামণ্ডপগুলোতে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। উৎসব চলাকালে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু দেশের বাইরে থাকায় এবার সরাসরি পূজামণ্ডপ পরিদর্শনে যেতে পারেননি বলে জানান কায়সার আরিফ। তবে তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন এবং শিগগিরই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের খান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ইছরাইল আলীসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার বার্তা দেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা