সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম মাস্টারের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর গ্রামে তাঁর নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. বাবলু আহমদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট মুরব্বি মো. জমির আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সুরমা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি সুরমা ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, জনবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর গ্রামের সমাজসেবক মো. বকুল মিয়া,রশিদ আহমদ,আব্দুল কুদ্দুস, আব্দুল আজিজ, নুরুল ইসলাম, হুরমত আলী,কাবিল আহমদ,আকলুছ আলী,তাহের মিয়া,সহ প্রমুখ।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম মাস্টার সুরমা ইউনিয়নের বরকতনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেটে অবস্থান করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি একটি আদর্শ পরিবারের সন্তান এবং সিলেটের এমসি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক, তিন গ্রামের ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
