তারাকান্দা থেকে তোকির আহমেদ শাহীন: ময়মনসিংহের ফুলপুরে পাচারের সময় স্থানীয় জনগণের সহায়তায় ২০ বস্তা অবৈধ ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত সার উন্মুক্ত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয় এবং বিক্রির সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফুলপুর পৌরসভার জুড়া ব্রিজ ও আমুয়াকান্দা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দা থেকে একটি ইজিবাইকে (অটো) করে ২০ বস্তা ডিএপি সার হালুয়াঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ফুলপুর ব্রিজের মোড়ে পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তারা অটোরিকশাটির গতিরোধ করে সারগুলো আটক করেন। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অটোচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার দিকনির্দেশনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি স্থানীয়দের সহায়তায় আটককৃত ২০ বস্তা ডিএপি সার জব্দ করেন এবং উপস্থিত কৃষকদের মাঝে সুলভ মূল্যে তা বিক্রি করার ব্যবস্থা করেন। তবে চালক পালিয়ে যাওয়ায় সারগুলো কোন ডিলারের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি প্রশাসন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী জানান, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী জব্দকৃত ডিএপি সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।” তিনি আরও বলেন, সারের বাজারে যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ পাচার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
