ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে মো: আ: জব্বার: ফুলবাড়িয়ার নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, উপজেলার সাধারণ মানুষ যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া সরকারি নিয়ম মেনে দ্রুত সেবা পান, তা নিশ্চিতে কাজ করে যাব।
তিনি হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা প্রদানের লক্ষ্যে এবং ভূমি অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ঘটিকায় তাঁর কার্যালয়ে দৈনিক জনতাকে দেয়া এক সাক্ষাৎকারে নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার এসব কথা বলেন।
এ সময় তিনি ভূমি অফিস থেকে দালালদের দৌরাত্ম্য বন্ধ করে সরাসরি সেবাগ্রহীতাদের সেবা প্রদানের মাধমে মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার স্থলাভিষিক্ত হন। এর আগে শাওলিন নাহার নেত্রকোণা জেলার মদন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে এসিল্যান্ড শেখ তাকী তাজওয়ারকে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। সাংসারিক জীবনে তাঁর দুই কন্যা সন্তান রয়েছে।
