রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে কিস্তির টাকা বাকি, গ্রাহকের ঘর থেকে ফ্রিজ তুলে নেওয়ার অভিযোগ ওয়ালটনের বিরুদ্ধে

সিংগাইরে কিস্তির টাকা বাকি, গ্রাহকের ঘর থেকে ফ্রিজ তুলে নেওয়ার অভিযোগ ওয়ালটনের বিরুদ্ধে

রিপন মিয়া, সিংগাইর ( মানিকগঞ্জ) প্রতিনিধি: কিস্তির বকেয়া মাত্র ২০ হাজার টাকা পরিশোধ না করায় ওয়ালটনের ম্যানেজার তার স্টাফদের নিয়ে জোরপূর্বক ঘরে ঢুকে তুলে নিয়ে গেছে ফ্রিজ। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের কালীনগর গ্রামে ঘটনা ঘটে।

গ্রাহক ওই গ্রামের ভুক্তভোগী আসমা আক্তার এ ঘটনায় সিংগাইর ওয়ালটন প্লাজার ম্যানেজার( ইনচার্জ)মো.আনিসুর রহমানসহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে অভিযোগের প্রেক্ষিতে সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক ( এসআই) দিলীপ কুমার বিশ্বাস ঘটনাটি তদন্ত করে সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,গত বছরের ১৮ মার্চ সিংগাইর ওয়ালটন প্লাজার শোরুম থেকে ডাউন পেমেন্টে ৭১ হাজার টাকা মূল্যে একটি ফ্রিজ ও একটি মোবাইল সেট কিস্তিতে নেন আসমা আক্তার। এর মধ্যে তিনি ৫০ হাজার টাকা পরিশোধ করেন। তার স্বামী অসুস্থ(প্যারালাইজড) থাকায় আর্থিক সংকটে পড়েন গ্রাহক। ফলে, কিস্তির বকেয়া ২১ হাজার টাকা পরিশোধ করতে সময় চান তিনি । এমন পরিস্থিতিতে গত ৩১ অক্টোবর সিংগাইর ওয়ালটন প্লাজার ম্যানেজার আনিসুর রহমানের নেতৃত্বে অজ্ঞাত আরো ৫ জন ব্যক্তি আসমার বাড়িতে যায়। এ সময় তারা ঘরে ঢুকে জোরপূর্বক ফ্রিজটি তুলে নিয়ে যায়। গ্রাহক সময় চেয়ে অনুরোধ করলেও তারা আমলে নেননি।অভিযুক্তরা ফ্রিজের মালামাল নষ্ট করে ফ্রিজটি তুলে নিয়ে আসেন বলে অভিযোগ করেন তিনি । ওয়ালটন প্লাজার স্টাফদের আচরণে আসমা আক্তার সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন তিনি ।

ভুক্তভোগী আসমা আক্তার বলেন,আমার স্বামী অসুস্থ(প্যারালাইজড)থাকায় নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে পারিনি। ৪ দিনের সময় চেয়েছিলাম,কিন্তু তারা মানেননি। ৬ জন লোক এসে জোরপূর্বক ঘরে ঢুকে ফ্রিজ ভ্যানগাড়িতে করে নিয়ে গেছে। তিনি আরো বলেন,এ ঘটনার ৩ দিন আগেও উনারা বাড়িতে এসে আমার ওপর উত্তেজিত হয়ে উদ্যত আচরণ করেছে। উপায়ান্তর না পেয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।

জামিনদার জাকিয়া সুলতানা বলেন,ঘটনার দিন আসমা বাড়িতে না থাকায় তালা ভেঙে ঘরে ঢুকে ফ্রিজ নেয়ার হুমকি দেন ওয়ালটনের লোকজন।নিষেধ করলে আমাকেও মামলা ও মহিলা পুলিশ দিয়ে ধরে থানায় নিয়ে হয়রানির ভয়-ভীতি দেখান তারা। আমি ২ হাজার টাকা দিয়ে বাকি পাওনা পরিশোধ করতে সময় চাইলেও তারা মানেননি। আসমা বাড়িতে এসে ঘরের তালা খুললে তারা জোরপূর্বক ঢুকে ফ্রিজ নিয়ে চলে যায়।স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটনের এমন কর্মকান্ডে জড়িতদের শাস্তির জোর দাবী জানাচ্ছি ।

সিংগাইর ওয়ালটন প্লাজার ম্যানেজার( ইনচার্জ) অভিযুক্ত মো.আনিসুর রহমান বলেন,কিস্তিতে দেয়া পণ্য সামগ্রীর টাকা অনাদায়ী থাকলে মালামাল তুলে নেয়ার নিয়ম রয়েছে। পরবর্তীতে অফিসিয়াল প্রসিডিউর অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস বলেন, তদন্ত চলমান আছে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা