মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরপুর গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

জীবিকা চলছে শতাধিক পরিবারের :

শেরপুর গারো পাহাড়ে পিঁপড়ার ডিমেই বেঁচে থাকার স্বপ্ন

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : পাহাড়ের আঁকাবাঁকা পথ, ঘন বন আর উঁচু উঁচু গাছ। ভোরের আলো ফুটতেই জীবিকার সন্ধানে সেই বনের গভীরে ছুটে চলেন তাঁরা। কারও হাতে লম্বা বাঁশ, কারও কাঁধে ডিম রাখার ঝুড়ি। লক্ষ্য একটাই—গাছের ডালে পিঁপড়ার বাসা খুঁজে ডিম সংগ্রহ করা। দিন শেষে সেই ডিম বিক্রির টাকাতেই চলে সংসারের খরচ, জোটে পরিবারের মুখের খাবার। এভাবেই শেরপুরের গারো পাহাড়ে পিঁপড়ার ডিম ঘিরে গড়ে উঠেছে দুই থেকে তিনশ মানুষের মৌসুমি জীবিকার এক ব্যতিক্রমী জগৎ।

শেরপুরের শ্রীবরদী, নালিতাবাড়ি ও ঝিনাইগাতী, উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের ৪০ কিলোমিটার বন এলাকার পাহাড়ী গ্রামগুলোতে বছরের তিন থেকে চার মাস চলে এই কর্মযজ্ঞ। পাহাড়ি এলাকায় এ সময়ে বিকল্প কাজের সুযোগ কম থাকায় কারও কাছে এটি বাড়তি আয়ের উৎস, আবার কারও কাছে পরিবারের ভরণপোষণের প্রধান অবলম্বন। জীবিকার তাগিদে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বনের গভীরে কিংবা উঁচু গাছে উঠে ডিম সংগ্রহ করেন তাঁরা।

গারো পাহাড়ের শাল, গজারি, মেহগনি, আম ও লিচুসহ বিভিন্ন গাছে বাসা বাঁধে একধরনের বড় লাল পিঁপড়া। নিজেদের ডিম সুরক্ষিত রাখতে গাছের ডালের অগ্রভাগে চার-পাঁচটি পাতা লালা দিয়ে জোড়া লাগিয়ে তৈরি করে বাসা। পাতার ভাঁজে তৈরি সেই বাসার ভেতরেই থাকে পিঁপড়ার ডিম। প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীর বাসাই এখন পাহাড়ের বহু অসচ্ছল পরিবারের কাছে আয়ের বড় উৎস।

পিপড়ার ডিম সংগ্রহকারী রাংটিয়া গ্রামের মো সাকিব, শামীম,শাজাহান, জুলহাস, রতন কোচ, সঙ্গে কথা বলে জানা যায়, লম্বা বাঁশের মাথায় কাপড়ের জাল বেঁধে গাছের ডাল থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়। একটি বড় বাসা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম ডিম পাওয়া যায়। একজন সংগ্রহকারী দিনে গড়ে ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারেন। রাংটিয়া বউ বাজারে প্রতিদিন পিপড়ার ডিমের বাজার বসে। বাজারে প্রতি কেজি পিপড়ার ডিম বিক্রি করা হয় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। পরে কার্টনে ভরে সেগুলো পাঠানো হয় পাইকারদের কাছে।

পিঁপড়ার ডিমের প্রধান ক্রেতা শৌখিন মাছ শিকারিরা। বড়শিতে মাছ ধরার টোপ হিসেবে এসব ডিমের বিশেষ চাহিদা রয়েছে। মাছ ধরার মৌসুমে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও।

এ ছাড়া পোষা পাখির খাবার হিসেবেও এর ব্যবহার রয়েছে। স্থানীয় পাইকাররা সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে প্যাকেটজাত ও কার্টনভর্তি করে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শহরের দোকানে পাঠান।

ডিম সংগ্রাহক অনন্ত সাহা বলেন, ‘আগে পাহাড়ে প্রচুর ডিম পাওয়া যেত। এখন গাছপালা কমে যাওয়ায় বাসাও কমে গেছে। তবু আয়-রুজির আশায় প্রতিদিন ভোর থেকে ডিম খুঁজে বেড়াই। এই কাজ করে যা পাই, তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করি।’

কাজটির কষ্টের কথা জানিয়ে আরেক সংগ্রাহক মহা কোচ বলেন, ‘পিঁপড়ার কামড়ে ম্যালা কষ্ট হয়। কিন্তু আয় আর সংসারের কথা ভেবে সহ্য করা লাগে। এখন এ কষ্ট সইয়া গেছে।’

স্থানীয় ক্রেতা ইলিয়াস উদ্দীন (৪২) বলেন, ‘আমরা স্থানীয় বাজার থেকে ডিম সংগ্রহ করার পর প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাই। বর্ষা ও শীত মৌসুমে লাল পিঁপড়ার ডিমের জোগান বেশি থাকে। তখন বিক্রিও ভালো হয়।’

তবে এই জীবিকার পথ মোটেও মসৃণ নয়। ডিম সংগ্রহ করতে গিয়ে পিঁপড়ার কামড় তো আছেই, তার সঙ্গে রয়েছে বনের মধ্যে হাতি, সাপ ও মৌমাছির আক্রমণের ভয়। কখনো উঁচু গাছে ওঠার ঝুঁকি, কখনো বনের দুর্গম পথে ঘুরে বেড়ানো—সব মিলিয়ে প্রতিটি দিনই তাঁদের জন্য একেকটি চ্যালেঞ্জ। তার ওপর আগের তুলনায় গাছপালা ও পিঁপড়ার বাসা কমে যাওয়ায় সংগ্রহকারীদের আয়ও অনিশ্চিত হয়ে পড়ছে।

তারপরও থেমে নেই তাঁদের জীবনসংগ্রাম। জীবিকার তাগিদে প্রতিদিনই ছুটছেন পাহাড়ের বনে। পিঁপড়ার ক্ষুদ্র ডিমের বিনিময়ে জোগাড় করছেন সংসারের চাল-ডাল, সন্তানদের মুখে তুলে দিচ্ছেন খাবার। গারো পাহাড়ের আদিবাসী ও বাঙালি জনগোষ্ঠীর এসব মানুষের কাছে পিঁপড়ার ডিম শুধু মাছ ধরার টোপ কিংবা পণ্য নয়; এটি বেঁচে থাকার অবলম্বন, অভাবের সংসারে আশার আলো এবং জীবনের সঙ্গে লড়াই করে টিকে থাকার এক নীরব গল্প। তবে এ বিষয়ে রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো, হাবিবুল্লাহ বলেন বনাঞ্চলের পিপড়ার ডিম সংগ্রহ করায় পরিবেশের ভারসাম্যের ক্ষতি সাধিত হচ্ছে। এসব পিপড়ার ডিমের ক্ষতি হওয়া পাহাড়ে অতিথি পাখির আগমন কমতে শুরু করেছে। তিনি পিপড়ার ডিম সংগ্রহকারিদের ডিম না পাড়ার আহবান জানিয়েছেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা