মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গাংনীতে কৃষক দল নেতার বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার

গাংনীতে কৃষক দল নেতার বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার

মাসুদ রানা (মেহেরপুর প্রতিনিধি): মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে গাংনী উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এবং সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমানের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের একটি দল মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

অভিযান সম্পর্কে বিজিবির নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জানান, তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প ও সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমানের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা শিবলিঙ্গটি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক নুরুল হুদাসহ বিজিবির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা