পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় পটিয়ার বৈলতলী রোড বাসস্টেশন এলাকার সালাম আর্কেডিয়া কনভেনশন হলে বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের অধ্যক্ষ ও পরিচালক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার ধর। প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষিকা আলিফা ওসমান।
বিশেষ অতিথি ছিলেন শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, বায়তুল কোরআন হিফয মাদ্রাসার পরিচালক আলহাজ্ব রফিক বিন হোসাইন এবং পটিয়া অংকুর স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ জাহেদুল হক।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অঞ্জনা বিশ্বাস, তাসনুবা সুলতানা নিপুণ, লুৎফুর নেছা নাঈমা, ইয়াসমিন আক্তার ও ইন্নাত সুলতানা সাদিয়া,অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন রেহেনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিটল জুয়েলস্ চাইল্ড কেয়ার স্কুল শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় মানে সম্পর্কের সমাপ্তি নয়; বরং জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার শুভ সূচনা।
তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, আনন্দঘন পরিবেশনা ও নানা আয়োজনের পাশাপাশি কেক কাটা ও ক্লাস পার্টির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করা হয়।
এ সময় জনপ্রিয় কার্টুন চরিত্র মিনি মাউস ও মিকি মাউসের উপস্থিতি শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করে। তাদের সঙ্গে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্ত, ছবি তোলা ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
এ ছাড়া বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়। আনন্দ, হাসি আর বিদায়ের আবেগঘন মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
