শামিমুর রহমান জিসান, আলীকদম (বান্দরবান) থেকে : বান্দরবানের আলীকদমে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুই ম্রো জুমচাষীর চিকিৎসা ও আর্থিক সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন। উন্নত চিকিৎসার ব্যবস্থা ও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দুর্গম পাহাড়ি এলাকার এই দুই বাসিন্দা।
গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকায় জুমচাষের কাজ করার সময় বন্য শুকরের আক্রমণের শিকার হন দুই ম্রো জুমচাষী। এতে তারা গুরুতর আহত হন। আহতরা হলেন বলাইপাড়া এলাকার মৃত মেনরাই ম্রোর ছেলে নিয়াচং ম্রো (নিরাচং মুরো) এবং চংরাই ম্রোর ছেলে নুরিইক ম্রো
আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি জানার পরপরই আহতদের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় আলীকদম সেনা জোন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতকরণ এবং সার্বিক খোঁজখবর নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে ২৪ নভেম্বর সেনা জোনের পক্ষ থেকে দুই জুমচাষীর চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর রাখছেন সেনা জোনের প্রতিনিধিরা। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, যথাযথ চিকিৎসা পাওয়ায় দুজনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন। তবে আহতদের একজনের হাতে হাড় ভাঙার আঘাত থাকায় তার নিবিড় চিকিৎসা চলছে।
দুর্গম পাহাড়ি জনপদে বসবাসরত মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় আলীকদম সেনা জোনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। শুধু নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাই নয়, মানবিক সহায়তা, চিকিৎসাসেবা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেও সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।
আহত দুই জুমচাষী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আলীকদম সেনা জোন।
