বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ১৭ হাজারে অনড় মালিকপক্ষ, ৩০ হাজারের দাবিতে সাভারে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, উৎপাদন বন্ধ ৪১ কারখানায়

১৭ হাজারে অনড় মালিকপক্ষ, ৩০ হাজারের দাবিতে সাভারে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ কাটেনি শিল্পাঞ্চলে। বরং ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের প্রভাবে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে হেমায়েতপুর এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা যথাসময়ে কাজে যোগ দেন। তবে সকাল পৌনে ৯টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তারা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় আশপাশের সচল কারখানার শ্রমিকদেরও কাজ ছেড়ে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

একপর্যায়ে শ্রমিকরা হেমায়েতপুরের বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় কয়েকটি কারখানার বাইরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদর, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বিবেচনায় ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি দিয়ে সংসার চালানো কঠিন। এ কারণে তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি প্রতিটি গ্রেডে অভিজ্ঞতা ও দায়িত্বের ভিত্তিতে আনুপাতিক হারে বেতন বৃদ্ধি, বাড়িভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ছাঁটাই ও মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তারা।

শ্রমিকদের অভিযোগ, বেতন বৃদ্ধির ঘোষণা এলেও বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সেই বৃদ্ধির সুফল তারা পুরোপুরি ভোগ করতে পারেন না। ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশি বলপ্রয়োগের মুখে পড়তে হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

অন্যদিকে মালিকপক্ষের অবস্থান, নির্ধারিত ১৭ হাজার টাকার মজুরি কাঠামোই বাস্তবায়ন করা হবে। কারখানায় বিশৃঙ্খলা, উৎপাদন ব্যাহত করা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হতে পারে। চলমান পরিস্থিতিতে ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। তারা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে হেমায়েতপুরসহ সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বাগবাড়ি মোড়, হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

কারখানা বন্ধের বিষয়ে তিনি জানান, বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ১০টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন এর আগে এক ব্রিফিংয়ে বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পুলিশের শ্রদ্ধা রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দেবে না। তবে সড়ক অবরোধ, ভাঙচুর, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি গুজবে কান না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

একই সঙ্গে পোশাকশিল্পকে অস্থিতিশীল করার পেছনে কোনো কুচক্রী মহল বা অর্থের জোগানদাতা রয়েছে কি না, তা শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

শ্রমিকদের মজুরির দাবি, মালিকপক্ষের নির্ধারিত মজুরি কাঠামো বাস্তবায়নের অবস্থান এবং প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষার পদক্ষেপ—সব মিলিয়ে সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি ও নিরাপত্তা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা