রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দক্ষিণবাগ, কেয়ারিয়া, টিনর ও বাঘবের এলাকার ভুক্তভোগী কৃষকরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবের এলাকায় কোম্পানিটির সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক মনসুর আলী, মনির হোসেন, ওহাব মিয়া, জুয়েল মিয়া ও স্বপন মিয়াসহ আরও অনেকে।
এ সময় ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করে বলেন, ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে তাঁদের কাছ থেকে জমি ক্রয় না করেই জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলে নিয়েছে। জাল দলিল করে অনেকের জমি কেড়ে নেওয়া হয়েছে।পাশাপাশি জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না তাঁরা। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন । এছাড়া জমিতে যেতে চাইলে নানা ধরনের হয়রানিসহ নির্যাতনের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন কৃষকরা।
বিক্ষুব্ধ কৃষকরা এ সময় পাঁচ দফা দাবি জানান। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিল সৃজনের অভিযোগ তদন্ত করা, অসহায় মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা।
পরে বিক্ষুব্ধ কৃষকরা জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
