মো. মঞ্জুর মোল্লা : রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা মো. শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক পৌনে আটটায় সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শাহাদাত হোসেন বিমানবন্দর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে কম্বোডিয়ায় মানব পাচার করে আসা একটি চক্রের অন্যতম মূল হোতা হিসেবে কাজ করছিল।
সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
৭২
