মোঃ ইনজামামুল হক নাঈম, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭-আগস্ট) ২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে রোববার ১৬-আগস্ট তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মতবিনিময় সভায় শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, জনসেবা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ফুটপাত দখল মুক্ত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
নবাগত ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেওয়া উপজেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসনের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক, সুন্দর ও উন্নত শায়েস্তাগঞ্জ গড়ে তুলতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। সভায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সভাপতি আ স ম আফজল আলী রুস্তম, সাপ্তাহিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান সয়ফুর, যুগ্ম সম্পাদক ও শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন।
সাধারণ সম্পাদক মুহিন শিপন, সিনিয়র সাংবাদিক শাহ হুমায়ুন, তাহমিনা বেগম, হামিদুল হক বুলবুল, তোফায়েল আহমেদ মনির, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, দৈনিক মানবজমিনের শাহ মোস্তাফা কামাল, দৈনিক কালবেলা প্রতিনিধি শামছুল আলম রিপন, দৈনিক তৃতীয়মাত্রার মোঃ জামাল হোসেন, আনন্দ টিভির শেখ শাহারুল রহমান বিলাল, দৈনিক জনতার প্রতিনিধি মোহাম্মদ ইনজামামুল হক নাঈম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি রিয়াজ আলীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানকে স্বাগত জানান। পাশাপাশি শায়েস্তাগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধান, জনসেবা আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
