শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কটিয়াদীতে খেলনা পিস্তল, ওয়াকিটকি, ৮টি মোবাইল, ইয়াবা,মাদক সরঞ্জামসহ আটক আওয়ামী লীগ নেতা

কটিয়াদীতে খেলনা পিস্তল, ওয়াকিটকি, ৮টি মোবাইল, ইয়াবা,মাদক সরঞ্জামসহ আটক আওয়ামী লীগ নেতা

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি চায়না খেলনা পিস্তল, তিন কিলোমিটার দূর পর্যন্ত কথা বলার একটি ওয়াকিটকি, আটটি মোবাইল, পাঁচ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ উপজেলার আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাপ মিয়া (৩৫)কে আটক করে মোবাইল কোর্টে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাপ মিয়া আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানিয়াগ্রাম বাজারের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। তিনি বানিয়াগ্রাম গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজারে গোলাপ মিয়ার হার্ডওয়্যারের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি চায়না পিস্তল, ওয়াকিটকি, পাঁচ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় গোলাপ মিয়াকে আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়।

পুলিশের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোর্টের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে গোলাপ মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা