শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা জাসদের কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

জাসদের কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে তাকে একটি পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।

আটকের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করেন আবু জাফর সূর্য। সেখানে তিনি লেখেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাসদের কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

পরে অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করা হয়।

পুলিশের দাবি, ধানমন্ডির মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানায় পুলিশ।

বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে জাসদের কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আটক ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা