মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনসহ গ্রেপ্তার ৪

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনসহ গ্রেপ্তার ৪

বগুড়া থেকে সাইফুল ইসলাম : কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি চেয়ারম্যান সাজেদুর রহমান সাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন (২৬)। তাঁদের মধ্যে সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে রয়েছে ১০টির বেশি মামলা। আর ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃতরা ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অভিযান চালানো হয়। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বগুড়ায় আনা হয়েছে। আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা