মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফ থেকে মাছ ধরতে গিয়ে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোটে ১৩ জন জেলে টেকনাফ থেকে মাছ ধরতে সমুদ্রে যান। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

এ অবস্থায় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল অভিযান চালিয়ে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল বোটটিসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে ফিশিং বোটসহ তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সমুদ্রে বিপদে পড়া জেলেদের জরুরি উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা