মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ঢাকার সাভারের আমিন বাজারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান-কে নিয়ে রচিত ‘ঢাকা-২ আসনের মাটি ও মানুষের নেতা’ শীর্ষক একটি দলীয় ও দেশাত্মবোধক গানের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) আমিন বাজারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গানটির শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। গানটিতে সুর দেওয়ার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আমিন বাজার ইউনিয়ন জাসাসের সভাপতি ইমন মাহমুদ পান্না।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব আমান উল্লাহ আমান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠন জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গানটির সুরকার ও শিল্পী ইমন মাহমুদ পান্নার প্রশংসা করে বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের ভাবধারাকে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই গানটি দলের নেতাকর্মীদের উদ্দীপনা জোগাতে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছাতে সহায়তা করবে।
