মঙ্গলবার | অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত, গজল, অভিনয়, আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মশালার শুরুতে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা তাঁদের পরিবেশনা উপস্থাপন করেন। পরে সংশ্লিষ্ট বিষয়ের রিসোর্স পারসনরা পরিবেশনাগুলো পর্যবেক্ষণ করে ভুল-ত্রুটি তুলে ধরেন এবং জেলা পর্যায়ে ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, নাট্য পরিচালক আনিছুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক ও কণ্ঠশিল্পী রওশন শরীফ তানি ও তামান্না ইসলাম, নৃত্যশিল্পী সঙ্গীতা দত্ত ও সুপর্ণা বাড়ৈ এবং চিত্রশিল্পী সুজিত সূত্রধর।

অনুষ্ঠানের শেষ পর্বে দুপুর ২টায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত হবে।”

তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংগীত সম্পর্কে আরও বেশি জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, কর্ণফুলী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পলাশ মুৎসুদ্দি, রিসোর্স পারসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা