বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ত্রিফল নাইন এ ফোন পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক

রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ

ত্রিফল নাইন এ ফোন পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো এবং সরাসরি বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শাহাদাৎ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্প্রতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ত্রিফল নাইন এ ফোন পেয়ে রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহাদাৎ হোসেন দীর্ঘ প্রায় এক মাস ধরে ওই নারীকে মেসেঞ্জারে অশালীন ভাষায় বিভিন্ন বার্তা পাঠিয়ে আসছিলেন। তবে ওই নারী তার বার্তার কোনো জবাব না দেওয়ায় বৃহস্প্রতিবার সকালে সরাসরি তার বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মেসেঞ্জারে কেন সাড়া দেওয়া হচ্ছে না, তা নিয়েও ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি।

এক পর্যায়ে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাহাদাৎ হোসেন কে আটক করে থানায় নিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ভুক্তভোগী নারীর ৯৯৯ এ কল পাওয়ার পর লোকেশন শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ১০ ধারাতে মামলা রুজু করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা