গোপালপুর, টাংগাইল থেকে কে.এম.শামীম : ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে এসে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়নের দাদীরআটা গ্রামের সন্তান জয়-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫ অক্টোবর সন্ধ্যায় নীলফামারীতে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত জয় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য তিনি ঢাকায় এসেছিলেন। কিন্তু ফার্মগেট এলাকা থেকে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জয় নিখোঁজ হওয়ার পর অপহরণকারীরা পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা দেওয়া সত্ত্বেও নির্মমভাবে জয়কে হত্যা করা হয় এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে নীলফামারীতে নিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়।
এদিকে জয়ের মরদেহ উদ্ধারের খবর তার নিজ এলাকা গোপালপুরের হেমনগরে পৌঁছালে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। শোকার্ত স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শোকার্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
