টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত ‘কানকাটা ইসমাইল’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। একই সঙ্গে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহৃত চার তরুণকে উদ্ধার করেছে এপিবিএন ও পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
৫ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন বক্কর মেম্বার রাস্তার মাথায় অভিযান চালায় নয়াপাড়া এপিবিএনের একটি বিশেষ দল। এ সময় একটি মোটরসাইকেল থেকে ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ (৩৯), এখলাছ মিয়া (২৮) ও ওসমান সরোয়ার (২৩)কে আটক করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এপিবিএন জানায়, ইসমাইল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা এবং তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও মারামারিসহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য দুই আটক ব্যক্তির বিরুদ্ধেও উখিয়া থানায় পৃথক মামলা রয়েছে। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ৬ অক্টোবর দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী গেইটসংলগ্ন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত চার তরুণকে উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হওয়া চারজন হলেন-হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)। তারা সবাই হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযানের সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহে মো. তারেক (২৩) নামে হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের এক যুবককে আটক করা হয়।
এপিবিএনের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর দুপুরে নয়াপাড়া ক্যাম্প এলাকায় অপহরণকারী চক্রের সদস্যদের অবস্থানের খবর পেয়ে দুটি যৌথ টিম অভিযান চালায়। পরে উদ্ধার চার ভিকটিম ও আটক তারেককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ দুই ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের সাধারণ ডায়েরিতে পৃথকভাবে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
