মো: সিপাউর রহমান কুলাউড়া প্রতিনিধি : শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় শিশু অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিশু একাডেমি কুলাউড়ার কর্মকর্তা আবুল বাশারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, প্রেসক্লাব, কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবনসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুষ্ঠু বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব। শিশুদের অধিকার রক্ষায় শুধু দিবস পালন নয়, সারা বছরই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তারা বলেন, শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন, বৈষম্য, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় বক্তারা শিশুদের মানসিক বিকাশে পরিবারে ভালোবাসাপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। শিশুর অধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে শিশু অধিকার দিবসের উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে দিবসটি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিশু একাডেমির সংশ্লিষ্টরা, শিক্ষক, সাংবাদিক, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
