বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ খেলা শ্রীমঙ্গলে দখল হওয়া খেলার মাঠ উদ্ধারে প্রশাসনকে নির্দেশনা : ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা স্টেডিয়াম আধুনিকায়নে আসছে প্রকল্প:

শ্রীমঙ্গলে দখল হওয়া খেলার মাঠ উদ্ধারে প্রশাসনকে নির্দেশনা : ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গল থেকে শাহাব উদ্দিন আহমদ : অবৈধভাবে দখল হয়ে থাকা খেলার মাঠগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং এ বিষয়ে ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

খেলাধুলার সুযোগ বাড়াতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়েও ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ-সুন্দরভাবে গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আন্তর্জাতিক অঙ্গনের প্রস্তুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শুধু অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; সম্ভাবনাময় খেলাগুলোতে পদক অর্জনের জন্য লড়াই করতে চায়। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরদার আহমেদ সাদুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা