কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবদলের সদস্য তারেকুর রহমান রকিকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের (দপ্তরের দায়িত্বে) স্বাক্ষরিত বহিষ্কারের একটি চিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।
স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য প্রদানের মাধ্যমে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন মর্মে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরো উল্লেখ করা হয় বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
