মো: সিপাউর রহমান, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা এস এম জামান মতিন, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আব্দুল মুনতাজিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ড. রজতজয়ন্তী ভট্টাচার্য, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান, আব্দুল মোহিত বাবলু, পূজা পরিষদের সাবেক সম্পাদক সুমন মিত্র, সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ডা. অরুনাথ দে, আহ্বায়ক বিধান দেব, সাধারণ সম্পাদক অজয় দাস এবং পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবার সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।
