কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের নিকলীতে মাকে মারধরের অভিযোগে ছোট ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ ও মামলা করার পর পরিবারের ভরণপোষণকারী বড় ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়েরের ঘটনায় হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। মামলাটি মিথ্যা ও বানোয়াট দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে জামাল উদ্দিনের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে জামাল উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই জালাল উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে জামাল উদ্দিনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ছোট ভাইয়ের স্ত্রীকে দিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।
জামাল উদ্দিনের মা জাহেরা খাতুন বলেন, তার তিন ছেলে ও চার মেয়ে। বড় ছেলে জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের দেখাশোনা ও ভরণপোষণ করে আসছেন। অপরদিকে ছোট ছেলে জালাল উদ্দিনের বিরুদ্ধে মাদক সেবন ও তাকে মারধরের অভিযোগ তুলে গত ৩০ আগস্ট নিকলী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
জাহেরা খাতুনের দাবি, ওই ঘটনার পরই তার বড় ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। তিনি মামলাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জামাল উদ্দিন নির্দোষ হলে তাকে হয়রানি থেকে মুক্ত রাখার দাবি জানান।
পরিবারের সদস্য মীম, আল্লাতু ও সারমিনও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ এবং তাদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেন। তারা দাবি করেন, গ্রাম্য সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিষয়টি আইনগত পর্যায়ে গড়িয়েছে।
জামাল উদ্দিনের ছোট ভাই ইলিয়াস কাঞ্চন বলেন, মাকে মারধরের ঘটনায় সালিশে সমাধান না হওয়ায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে বলে তারা মনে করছেন। তিনি মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা কোনো পক্ষপাতমূলক তদন্ত না করে ধর্ষণচেষ্টার মামলাসহ পারিবারিক বিরোধের পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
