বৃহস্পতিবার | অক্টোবর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় নারী শ্রমিককে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ভালুকায় নারী শ্রমিককে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুজন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বাসিন্দা। মামলার অপর আসামি একই এলাকার ইকবাল হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত। গত ৪ অক্টোবর রাত ১০টার দিকে কারখানার ছুটি শেষে তিনি মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশাযোগে নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

নয়নপুরের ৯ নম্বর এলাকায় পৌঁছে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে আল আমিনের বসতঘরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তার মুখ কাপড় দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী নারী ভালুকা মডেল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও হুসেনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল আলম বলেন, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা