শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের জন্য ‘উন্নত খামার ব্যবস্থাপনা ও নিরাপদ বিপণন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় শালিখা উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহারিন সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শালিখা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান। প্রশিক্ষণে ব্রয়লার মুরগির সঠিক পরিচর্যা, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, জীবাণু নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনা, নিরাপদ উৎপাদন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মুরগি বাজারজাতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন ব্রয়লার খামারি ও ১০ জন বিক্রেতা মোট ৬০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খামার পরিচালনা, বয়লার মুরগির স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদভাবে উৎপাদিত মুরগি বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা লাভ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে খামারি ও বিক্রেতাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপদ। খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
