ঠাকুরগাঁও প্রতিনিধি : শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে বুধবার দিনব্যাপি শহরের বিডি হলে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় বিডি হলে শিশুদের ৪টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এর মধ্যে ৩টি বিভাগ সাধারণ শিক্ষার্থীদের হলে চতুর্থ বিভাগটি ছিলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য।
পরে বেলা ১২ টায় আবারো কয়েকটি গ্রুপে শিশুদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতায় শিশুদের ক্লাস ও বয়স বিবেচনা করে সেই অনুসারে মেধা, অনুশীলন ও সাধারণ জ্ঞানের পরিধি বিশ্লেষণের লক্ষ্যে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই শতাধিক শিশু শিক্ষার্থী ও বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
এ সময় অন্যান্যের মধ্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, লাইব্রেরিয়ান রাকিব হোসেন, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ শিশু একাডেমির কর্মকর্তা -কর্মচারি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার বলেন, শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো শিশুদের মেধা ও মনন বিকাশে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। এবার বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব উদযাপন শিশুসহ সকলের মধ্যেই উৎসবমূখর ও আনন্দময়। আশা করি কর্মসূচিগুলো সুন্দর ও সফলভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, শিশু অধিকার দিবস-২০২৬ ও শিশু অধিকার সপ্তাহ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ঠাকুরগাঁও যৌথ ভাবে সপ্তাহব্যাপি উদ্বোধনী পূর্ব, চিত্রাঙ্কন, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা, সমাপনী ও পুরস্কার বিতরণ এবং সচেতনতা বৃদ্ধিসহ নানান কর্মসূচি গ্রহণ করেছেন।
সোমবার রাজধানী ঢাকা থেকে প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কর্মসূচির উদ্বোধন করেন।
