সোমবার | অক্টোবর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অনুশীলন একাডেমিতে হলো ‘সায়েন্স কোয়েস্ট ২০২৬’ বিজ্ঞান প্রতিযোগীতা পরীক্ষা

অনুশীলন একাডেমিতে হলো ‘সায়েন্স কোয়েস্ট ২০২৬’ বিজ্ঞান প্রতিযোগীতা পরীক্ষা

মাতামুহুরী থেকে ওমর ফারুক : শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি, যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ এবং বিজ্ঞানভীতি দূর করার প্রত্যয়ে চকরিয়ার অনুশীলন একাডেমিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ‘সায়েন্স কোয়েস্ট ২০২৬। অনুশীলন একাডেমির প্রায় একশত প্রাক্তন শিক্ষার্থীর সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—অনুশীলন একাডেমি, বহাদ্দারকাটা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, রিভারসাইড স্কুল অ্যান্ড কলেজ, উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদ্রাসা, চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবং চকরিয়া গ্রামার স্কুল।

প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণিতে মেধার স্বাক্ষর রাখা মোট ৬৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শ্রেণিভিত্তিক পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘সেরাদের সেরা’ নির্বাচিত হয় অনুশীলন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গাজী রাউহি মাহমুদ।

আয়োজকদের মতে, সায়েন্স কোয়েস্টের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভীতি দূর করে গভীর আগ্রহ সৃষ্টি করা এবং পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বিজ্ঞানকে আনন্দের সঙ্গে বাস্তব জীবনে প্রয়োগ করতে শেখানো। মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের কৌতূহল জাগিয়ে তোলা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এ ছাড়া যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ, মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের ভবিষ্যতে বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগানোও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বিজ্ঞান শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেওলার সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আনোয়ারুল আরিফ দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের চকরিয়া শাখার উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুশীলন একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ শফিকুল আলম। এ ছাড়া বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার পাশাপাশি আয়োজিত প্রশ্নোত্তর পর্বে উত্তরদাতা ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ মঈন উদ্দিন এবং অনুশীলন একাডেমির প্রাক্তন শিক্ষার্থীরা। এ পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিজ্ঞানবিষয়ক জ্ঞান, উপস্থিত বুদ্ধি, যুক্তি ও বিশ্লেষণী দক্ষতা তুলে ধরার সুযোগ পায়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা ২০ মিনিটে প্রতিযোগিতার পরীক্ষা শুরু হয় এবং সকাল ১১টা ৫০ মিনিটে শেষ হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ এবং শিক্ষকদের সহযোগিতায় আয়োজনটি বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, সায়েন্স কোয়েস্টের মতো উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে, নতুন নতুন বিষয় অনুসন্ধানে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে একটি যুক্তিবাদী, সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা