ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একনলা ওয়ান শুটারগানসহ ‘করিম ডাকাত’ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ আহমেদ বলেন, দুর্ধর্ষ ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে। অভিযানে একটি একনলা ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। আটক করিমের বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “অপহরণকারী, মানব পাচারকারী ও ডাকাতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের নির্মূলে টেকনাফ মডেল থানার পুলিশ সবসময় সচেষ্ট। প্রয়োজনে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনাফের বিভিন্ন এলাকায় মাদক, ডাকাতি, অপহরণ ও মানব পাচারসহ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
