মঙ্গলবার | অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই

দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: চিরবিদায় নিলেন পত্রিকা বিক্রেতা নিতাই

মো. রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো ফোটার আগেই কাগজ হাতে যিনি মুরাদনগরবাসীর ঘুম ভাঙাতেন, সেই মুরাদনগর বাজারের অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ, প্রবীণ পত্রিকা বিক্রেতা নিতাই চন্দ্র সাহা আর আমাদের মাঝে নেই। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

​কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানীপুর গ্রামের এই মানুষটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০-৬৫ বছর। মঙ্গলবার দুপুরে রহিমপুর শ্মশানে তার শেষ অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
​
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে পরম নিষ্ঠা ও সততার সাথে নিতাই মুরাদনগর বাজার ও আশপাশের এলাকায় পত্রিকা বিক্রি করে আসছেন। রোদ, বৃষ্টি কিংবা শীতের তীব্রতা—কোনো প্রতিকূলতাই তাঁর প্রতিদিনের এই কাজের অন্তরায় হতে পারেনি। ভোরবেলা সবার আগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা নিয়ে বাজারে উপস্থিত হওয়াই ছিল তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।

​পেশায় পত্রিকা বিক্রেতা হলেও তিনি ছিলেন একজন অত্যন্ত সদালাপী, হাসিখুশি ও মিশুক মানুষ। মুরাদনগর বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাধারণ পাঠকদের কাছে তিনি ছিলেন একজন আপনজন ও নির্ভরযোগ্য মানুষ। তাঁর এই আকস্মিক প্রয়াণে পুরো মুরাদনগর বাজার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​প্রিয় এই পত্রিকা বিক্রেতার মৃত্যুতে মুরাদনগর প্রেস ক্লাব, স্থানীয় সংবাদকর্মী এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা