নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: পরিচ্ছন্ন পরিবেশ গড়ার প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা প্রশাসন ভবনের পেছনের অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা আনসার ও ভিডিপি বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পরিচালিত এ অভিযানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বাহিনীর সদস্যরা।
কাপ্তাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য ও প্লাটুন কমান্ডার (পিসি) আমজাদ হোসেন। পিসি আমজাদ হোসেনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের দাপ্তরিক ও প্রশাসনিক কাজে সহযোগিতার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা, আনসার গার্ড পরিদর্শন, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন আনসার-ভিডিপির সদস্যরা।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষায় তাঁদের দায়িত্বশীল ভূমিকা আবারও তুলে ধরা হয়েছে। জনকল্যাণমূলক কাজে আনসার-ভিডিপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন মহল।
