বুধবার | অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় জামিনযোগ্য ধারা যুক্ত করায় ওসিকে আদালতে তলব

১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় জামিনযোগ্য ধারা যুক্ত করায় ওসিকে আদালতে তলব

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জামিনযোগ্য ধারা যুক্ত করায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারকে তলব করেছেন আদালত।

আগামী ২৯ অক্টোবর সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন আসিফ এ আদেশ দেন। একই সঙ্গে দণ্ডবিধির ২১৮ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ১০ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথমে দণ্ডবিধির ৩০৪-ক, ৩৩৮ ও ৩৪ ধারা যুক্ত করা হয়। পরে ১৯ অক্টোবর তদন্ত কর্মকর্তা দণ্ডবিধির ৩০৪ ধারা যুক্ত করার আবেদন করেন। আদালত মনে করেন, গুরুতর এ ঘটনায় জামিন অযোগ্য ৩০৪ ধারা বাদ দিয়ে জামিনযোগ্য ৩০৪-ক ধারায় মামলা নেওয়ার পেছনে আসামিদের শাস্তি থেকে রক্ষার অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা ব্যাখ্যা করা প্রয়োজন।

ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার দিন ব্যস্ততার কারণে এজাহারে ৩০৪ ধারা বাদ পড়ে যায়। পরদিন ওই ধারা যুক্ত করার আবেদন করা হয়েছিল। তিনি জানান, আদালতের নোটিশ পেলে হাজির হয়ে নিজের বক্তব্য তুলে ধরবেন।

আদালতের আদেশে রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সেখানে অগ্নিনির্বাপণব্যবস্থা ও জরুরি বহির্গমনপথ না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। আগুনে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়া রিসোর্টটি পরিচালিত হচ্ছিল কি না, তা নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

এ ঘটনায় উখিয়া থানায় দায়ের করা মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৯ জনকে আসামি করা হয়। মামলার পর রিসোর্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। তবে রিসোর্টের মালিক তানভীর সুলতান মিয়াসহ তিন আসামি এখনো গ্রেপ্তার হননি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা