বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ

সাভারে একেএইচ ছাড়া ৩২ কারখানায় সাধারণ ছুটি :

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ

সাভার থেকে, ফাহাদ-ই-আজম: সকালে যথারীতি কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন পোশাক শ্রমিকরা। কিন্তু কাজ শুরু না করেই কর্মস্থল ত্যাগ করেন অনেক শ্রমিক। এদিকে সাভারের হেমায়েতপুরে কোনো বিক্ষোভের ঘটনা না ঘটলেও একেএইচ কারখানা ছাড়া বাকি ৩২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় এসব ঘটনা ঘটে।

সাভারের হেমায়েতপুরে ৩২ কারখানায় ছুটি
সাভারের হেমায়েতপুর শিল্পাঞ্চলে সকালে শ্রমিকরা যথারীতি নিজ নিজ কারখানায় প্রবেশ করেন। এরপর কার্ড পাঞ্চ করে উপস্থিতি নিশ্চিত করলেও অনেক শ্রমিক কাজ শুরু না করে কর্মস্থল থেকে বেরিয়ে যান। তবে এ এলাকায় শ্রমিকদের কোনো বিক্ষোভ বা সড়কে অবস্থান নেওয়ার ঘটনা দেখা যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে একেএইচ কারখানা ছাড়া হেমায়েতপুরের বাকি ৩২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করেন।

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভে উত্তেজনা
অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার সকাল ৯টার পর জামগড়া, নরসিংহপুর ও বেরনসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের কর্মবিরতি দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার পরিস্থিতির বাইরে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন। একপর্যায়ে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে শ্রমিকদের জড়ো হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে বন্ধ রাখা হয়।

পুলিশের বক্তব্য
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের সঙ্গে বেশ কিছু বহিরাগত ব্যক্তিও যুক্ত হয়েছেন। পাশাপাশি মজুরি বোর্ডের সিদ্ধান্ত কবে আসবে, তা নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মস্থল ত্যাগ করছেন। যারা জনশৃঙ্খলা বিঘ্নিত না করে ফিরে যাবেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। তবে শ্রমিকের ছদ্মবেশে কেউ অরাজকতা সৃষ্টি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি কিংবা জনদুর্ভোগের চেষ্টা করলে প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কর্মস্থল ছেড়ে যাওয়া শ্রমিকদের নিরাপদে ফিরে যেতেও পুলিশ সহযোগিতা করছে।

শ্রমিক নেতার বক্তব্য
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছিলেন। পরে কয়েকটি কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে আসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার অধিকাংশ পোশাক কারখানার কর্তৃপক্ষ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা