মাসুদ রানা মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানপাড়ার মৃত রুহুল কুদ্দুসের ছেলে মো. হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে দুর্বৃত্তরা লাল টেপে মোড়ানো তিনটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে বিষয়টি জানতে পেরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারের নিকট অবস্থিত ব্রিজের উপর থেকেও আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বস্তুগুলো সেখানে রেখে যায়। খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্ধার করা তিনটি বস্তুর মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।
পৃথক দুটি স্থান থেকে একই ধরনের বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
