বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে রাতের আধারে দুটি বাসে আগুন

রূপগঞ্জে রাতের আধারে দুটি বাসে আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। বুধবার ভোর রাতে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল বাস ষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হোটেল কর্মচারী সাদেক মিয়া জানান, দুটি মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত ৪জন যুবক গোলাকান্দাইল মাসুমের গ্যারেজের সামনের সড়কে দাঁড় করিয়ে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দেয়। এ সময় তারা একটি বোমা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাস দুটির বেশীর ভাগ পুড়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত বাস মালিক শহিদুল আলম জানান, তার দুটি বাস প্রতিদিনের ন্যায় মাসুমের গ্যারেজের সামনে রাখা হতো। বুধবার ভোর ৪টার দিকে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ৪জন যুবক বাস দুটিতে আগুন দেয়। ঘটনার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

রূপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার জানান, আগুন সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

রূপগঞ্জ থানার ওসি এইচএম সালাহউদ্দিন জানান, বাসে আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ধরণের আগুন সন্ত্রাস করতে বাধ্য।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা