বুধবার | নভেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জে হাতিমারা চা বাগানে হরিণ জবাই তদন্তে নেমেছে বন বিভাগ

হবিগঞ্জে হাতিমারা চা বাগানে হরিণ জবাই তদন্তে নেমেছে বন বিভাগ

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশে হাতিমারা চা বাগানসংলগ্ন এলাকায় একটি হরিণ শিকার করে জবাই ও মাংস ভাগ করে খাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৩ নভেম্বর এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার তদন্ত শুরু করেছে বন বিভাগ। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন কালেঙ্গা বিট কর্মকর্তা আল আমিন।

স্থানীয়দের অভিযোগ, ১৩ নভেম্বর রেমা-কালেঙ্গা বনের পাশে হাতিমারা চা বাগান এলাকা থেকে পাঁচজন চা শ্রমিক হরিণটি ধরে আনেন। পরে প্রকাশ্যে সেটি জবাই করে মাংস ভাগ করে খেয়ে ফেলেন তারা। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের তোলা ছবিতে হরিণ জবাইয়ের পর মাংস কাটার দৃশ্য দেখা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা এ ঘটনার প্রতিবাদ করলেও অভিযুক্তরা তা আমলে নেননি। পরে বিষয়টি বন বিভাগের স্থানীয় কর্মীদের জানানো হয়।

স্থানীয়দের অভিযোগে পাঁচজনের নাম উঠে এসেছে। তারা হলেন উদয় উরাং, হেমন্ত সাঁওতাল, শুকলাল উরাং, দীপাই উরাং ও সজল চৌহান। তাদের সবার বাড়ি চুনারুঘাট উপজেলার হাতিমারা চা বাগানে। তবে এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি। কালেঙ্গা বিট কর্মকর্তা আল আমিন জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ বনাঞ্চল। এখানে মায়া হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি ও সরীসৃপসহ নানা বন্যপ্রাণীর আবাস। দীর্ঘদিন ধরেই এ বনে চোরাশিকারিদের তৎপরতার অভিযোগ আছে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, হরিণ শিকার নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য আইনে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। পরিবেশবাদীরা বলছেন, বন্যপ্রাণী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি বনাঞ্চলে নজরদারি বাড়ানো জরুরি। তা না হলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান জানিয়েছেন, রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাশে প্রকাশ্যে মায়া হরিণ শিকার ও হত্যার ঘটনা জীববৈচিত্র সংরক্ষণের জন্য উদ্বেগজনক। বন্যপ্রাণী প্রকৃতির সম্পদ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্যপ্রাণী শিকার বন্ধে সামাজিক সচেতনতা ও বন বিভাগের কার্যকর নজরদারি বাড়াতে হবে। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

এদিকে, ওয়াইল্ড অ্যানিম্যাল এইড (ডব্লিউএএ) রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন বা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংঘ এক বিবৃতিতে জানিয়েছে, রেমা-কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বনবিট ও হাতিমারা সংলগ্ন এলাকায় মায়া হরিণ শিকারের ঘটনা সংগঠনটির সদস্যদের তদন্তে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা